ভালুকায় জাল টাকা সহ যুবক গ্রেফতার, চক্রের খোঁজে পুলিশ
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে জাল টাকা সহ এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই রাতে ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাচিনা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার ব্যবসায়ী সোহেল মিয়াকে (২৫) হাতে নাতে আটক করেন।
আটককৃত সোহেল সুনামগঞ্জ জেলার কাউকান্দি থানার তাহিরপুর এলাকার মোঃ রাজ্জাক এর ছেলে।
বর্তমানে সে ভালুকা উপজেলার কাশর এলাকায় (রুবেল মেম্বারের বাসায় ভাড়াটিয়া হিসেবে) বসবাস করছিল। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১১,৫০০ টাকা মূল্যের জাল নোট। এ সময় তার সহযোগী আল আমিন (২৬) পালিয়ে যায়।
ভালুকা মডেল থানায় এ ঘটনায় মামলা নং-৪৪, তারিখ ২৭/০৭/২০২৫ ইং রুজু করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ভালুকা এলাকাসহ আশপাশে জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষদেরকে প্রতারিত করে আসছিল।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন,”জাল টাকা চক্রের বিরুদ্ধে ভালুকা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। সাধারণ জনগণ সতর্ক থাকুন ও সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে জানাতে অনুরোধ করছি।”
পুলিশ জানায়, চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































